দুই ঘণ্টায় ৬৫ শতাংশ ভোট গ্রহণ

২৬ অক্টোবর, ২০১৯ ১৩:৪৫  
সংগঠন গঠনের দীর্ঘদিন পর প্রথমবারের মতো সংশোধিত গঠনতন্ত্রে বর্ধিত পরিসরে অনুষ্ঠিত হচ্ছে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির কার্যকরী কমিটির ২০১৯-২১ মেয়াদের নির্বাচন নির্বাচন। রাজধানীর ইমানুয়েলস (বর্তমানে ঢাকা নিউ হল) কনভেনশন হলে শনিবার সকাল পৌনে ১১টায় শুরু হয় ভোট গ্রহণ। বেলা ১টা পর্যন্ত ৬৫ শতাংশ ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার তৌহিদ হোসেন। এদিকে দুপুর ১২টার পর থেকে ভোট দিতে সারি ধরে অপেক্ষা করতে দেখা গেছে অন্তত ৫০ জনের মতো ভোটারকে। কেন্দ্রে দুইটি বুথে সাধারণ ভোটারদের এবং ৪টি বুথে সহযোাগী ক্যাটাগরির সদস্যরা ভোট দিচ্ছেন। সহযোগী পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের স্বতস্ফূর্তভাবে ভোট দিতে দেখা গেছে। নির্বাচনে সাধারণ এবং সহযোগী দুই ক্যাটাগরিতে ১৩টি পদের বিপরীতে ২৫ প্রার্থী অংশ নিয়েছেন। পছন্দের অভিভাবক বেছে নিতে ভোটাধিকার প্রয়োগ করছেন ৪৪১ জন ভোটার। সাধারণ ক্যাটাগরিতে দুটি প্যানেলে ৯ পদের বিপরীতে ১৭ এবং সহযোগী ক্যাটাগরিতে চার পদের বিপরীতে দুটি প্যানেলে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাধারণ ক্যাটাগরিতে ভোটার ১১৪ হলেও সহযোগী ক্যাটাগরিতে ৩১৭ জন। ভোট দিয়ে সাধারণ ক্যাটাগরির ভোটার স্কয়ার ইনফরমেটিক্স পরিচালক (প্রকৌশল) আহমেদ ইউ ভূঁইয়া ডিজিবাংলা-কে বলেন, ইন্টারনেট ব্যবসায় আমাদের প্রধান উপজীব্য হলেও মোবাইল অপারেটররা তাতে বাধা সৃষ্টি করছে। আগামী নেতৃত্ব সেই বাধা প্রতিরোধ করে সংগঠনের স্থবিরতা কাটাবে এমনটা প্রত্যাশা করছি। নতুন নেতারা যেন সংগঠনে ব্যবসায় বান্ধব পরিবেশ সৃষ্টি করতে পারেন সেই আকাঙ্খা থেকে আগে ভাগে ভোট দিলাম। অপরদিকে সহযোগী ক্যাটাগরির ভোটার ইউকেবিডি করপোরেশনের স্বত্ত্বাধিকারী গোলাম রসুল পলাশ বলেন, গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সংগঠনের নেতৃত্বে পরিবর্তনের অভিপ্রায়ে ভোট দিলাম। তবে আগামীতে আমরা ক্যাটগরী বিভাজন চাই না। এক পরিবারের সদস্য হিসেবে সকলেই সমান ভাবে মর্যাদা পাক সেই প্রত্যাশা করি। ভোট দান শেষে টিমক্যাটালিস্ট প্যানেলের সদস্য ও আইসিসি কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, পরিবর্তনের আকাঙ্খায়ে এবারের নির্বাচনে সকাল থেকেই ভোটাররা যেভাবে উৎসাহ নিয়ে ভোট দিতে আসছেন তা সত্যিই দেখার মতো। আশাকরি তারা যোগ্য প্রার্থী বেছে নিতে সক্ষম হবেন। অপরদিকে টিম ইউনাইটেড প্যানেলের সদস্য অপটিম্যাক্স কমিউনিকেশন লি: পরিচালক ইমদাদুল হক বলেন, সবাই বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে ভোট দিচ্ছেন। তাই ফলাফল নিয়ে কারোই কোনো প্রশ্ন থাকবে না।